Originally posted in Samakal on 23 May 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫০টি দলের মধ্যে ২৩টি নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়নি। এই তালিকায় রয়েছে ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেধে নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম। এসব দলকে একমাস সময় বাড়িয়ে আগামী ১৩ জুন পর্যন্ত নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের মধ্যেও তারা কোনো সাড়া না দিলে আইনানুগ ব্যবস্থা নেবে সংস্থাটি।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টিসহ নিবন্ধিত ৫০টি দল অংশগ্রহণ করে। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশেট (আরপিও) বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলীয়ভাবে এবং ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত ১৩ মে ছিল দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ দিন। তবে ইসি আরও এক মাস সময় বাড়িয়ে দিতে পারে বলেও আইনে বলা আছে।
ইসি সূত্র জানায়, নির্ধারিত সময় পর্যন্ত জামায়াত ও জাতীয় পার্টিসহ ২৭ দল তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়। বাকি ২৩ দল হিসাব জমা দেয়নি। সম্প্রতি ইসির সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর ১৩ জুন পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যে ২৩টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে, সেগুলো হচ্ছে- বিএনপি, এনসিপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন। সমকালকে তিনি বলেন, যেসব কয়টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের জন্য এক মাস সময় বাড়ানো হয়েছে। এরপরও তাদের মধ্যে কেউ জমা না দিলে আইনানুগভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে তিনি বলেন, আরপিওতে তো বলাই আছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে ব্যয়ের হিসাব দিতে হবে। এর মধ্যে কেউ হিসাব না দিলে এক মাস সময় দিতে পারবে ইসি। সে অনুযায়ী সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেও হিসাব না দিলে জরিমানা হবে। এক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা দিলে সংশ্লিষ্ট দলকে আরও ১৫ দিন সময় দেওয়া যাবে। তারপরও যদি না দেয়, তাহলে নিবন্ধন বাতিলের কথা বলা হয়েছে।