-
প্রস্তাবিত কর্মসূচিটি বিএনপি সরকারের প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে বিবেচিত। বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ৫০ লাখ গ্রামীণ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের, যা পরবর্তীতে ৪ কোটি পরিবার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা আছে। তবে, ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬-এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি পরিবার, অন্যদিকে প্রধানমন্ত্রী ১০ মার্চ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আবারও কর্মসূচিটি ৪ কোটি পরিবারকে উদ্দেশ্য করে তৈরি বলে উল্লেখ করেন, যা কর্মসুচীর কাভারেজের নির্ধারিত পরিসর নিয়ে কিছু অস্পষ্টতা তৈরি করে। এছাড়া, ইশতেহারে যেখানে শুরুতে গ্রামীণ পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে, সেখানে পাইলট পর্যায়ে শহুরে দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি দেখা যাচ্ছে, যা বাস্তবায়ন পর্যায়ে লক্ষ্য নির্ধারণে পরিবর্তনের ইঙ্গিত দেয়। পাশাপাশি, ভাতা প্রাপ্তির সময়কাল সম্পর্কে কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি, বিশেষ করে পরিবারগুলোর PMT স্কোর ৮১৪ বা তার কম থাকলে তারা কতদিন পর্যন্ত এই সহায়তা পাবে তা অস্পষ্ট রয়ে গেছে।
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় দেখতে পেয়েছে যে, বিতরণকৃত ৩৭,৮০০টি ফ্যামিলি কার্ডের মধ্যে ৩৫,৮৪৪টি পরিবার কার্ড পাওয়ার যোগ্য, যার মধ্যে ৬,৪৮৭টি (প্রায় ১৮%) নির্ধারিত যোগ্যতার বাইরে ছিল। এর মধ্যে ছিল ৩৮ জন সরকারি কর্মচারী, ৬৯ জন পেনশনভোগী, ১৭৪ জন সঞ্চয়পত্রধারী, ৫,০২১ জন টিসিবি কার্ডধারী, ৭০৯ জন VWB সুবিধাভোগী, ১১৩ জন খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী, ৪৪ জন যানবাহনের মালিক এবং ৩১৯ জন অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগী। যদিও অর্থমন্ত্রী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বলেন যে ৩৭,০০০-এর বেশি কার্ড বিতরণ করা হয়েছে এবং ত্রুটির হার ১ শতাংশের কম এবং তা সংশোধন করা হবে, এই তথ্যগুলো অধিক মাত্রায় অযোগ্য অন্তর্ভুক্তির ইঙ্গিত প্রদান করে, যা উপকারভোগী নির্বাচন ও যাচাই প্রক্রিয়ায় অসঙ্গতি তুলে ধরে।
বাস্তবায়ন অভিজ্ঞতা নিয়ে, বিশেষ করে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে আরও নিবিড় পর্যালোচনা প্রয়োজন। পাশাপাশি, কর্মসূচিটির পরিকল্পিত পরিসরে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
- আগামী চার বছরে ৪ কোটি পরিবার ‘ফ্যামিলি কার্ড’ পাবে: প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন, ২০২৬
- ফ্যামিলি কার্ড প্রকল্পে ভুল সংশোধন করা হবে: অর্থমন্ত্রী
- ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
- ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬